
চেরনোবিলের পারমাণবিক বিপর্যয়ের ৪০তম বার্ষিকীতে, পোপ চতুর্দশ লিও পুনর্ব্যক্ত করেছেন যে পারমাণবিক শক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত।
ভ্যাটিকান সিটি থেকে এএফপির রিপোর্টে জানা যায়, ভ্যাটিকানে অনুষ্ঠিত এক প্রার্থনা সভার শেষে মার্কিন পোপ উল্লেখ করেন যে, সোভিয়েত যুগের ওই পারমাণবিক কেন্দ্রের প্রাণঘাতী বিস্ফোরণ ‘মানবজাতির বিবেককে নাড়া দিয়েছিল’। তিনি আরও জানান, এই ঘটনা ‘শক্তিশালী প্রযুক্তির ব্যবহারে অন্তর্নিহিত ঝুঁকির বিষয়ে একটি সতর্কবার্তা’ হিসেবে কাজ করছে।
৭০ বছর বয়সী পোপ বলেন, ‘আমার আশা যে, সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে বিচক্ষণতা ও দায়িত্ববোধ সর্বদা প্রাধান্য পাবে, যাতে পারমাণবিক শক্তির ব্যবহারের প্রতিটি দিক জীবন ও শান্তির সেবায় নিয়োজিত হয়।’
বর্তমান ইউক্রেনের চেরনোবিলে, ১৯৮৬ সালের এই বিস্ফোরণ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়।
জাতিসংঘের ২০০৫ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেজস্ক্রিয়তার প্রভাবের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন দেশে নিশ্চিত ও সম্ভাব্য মৃত্যুর সংখ্যা ৪ হাজারের বেশি। তবে বিভিন্ন বেসরকারি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, এই সংখ্যা আরও বেশি বলে জানা যায়।
‘লিকুইডেটর’ নামে পরিচিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া, প্রায় ৬ লাখ মানুষ উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার সম্মুখীন হয়েছিলেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।